রংপুরে আগুন পোহাতে গিয়ে বিভিন্ন সময় দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নাসরিন বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়। তিনি নগরীর তাজহাটের বাসিন্দা। এর আগে শনিবার সকালে পীরগাছা উপজেলার আমেনা বেগম (৬০) নামে আরো এক বৃদ্ধ মারা যান। তিনি উপজেলার গোয়ালু গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
এছাড়া রংপুর ও আশপাশের জেলা এবং উপজেলায় বিভিন্ন সময় আগুন পোহাতে গিয়ে ৪২ জন দগ্ধ হয়েছে। তারা সবাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রংপুর মেডিকেলের উপপরিচালক ডা. আ. ম. আখতারুজ্জামান জানান, বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিট এবং সার্জারি, শিশু ও মহিলা ওয়ার্ডে ৪২ জন চিকিৎসাধীন।
বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. শাহ মো. আল মুকিত বলেন, ‘এদের কারো শরীরের ১০-৪০ শতাংশ আবার কারো ৪০-৬০ শতাংশ পুড়ে গেছে।’










