বগুড়ায় বিষাক্ত মদপানে পিতা-পুত্রসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বগুড়ায় গত দুদিনে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু হলো।

বিষাক্ত মদপানে সর্বশেষ মারা যাওয়া পাঁচজন হলেন বগুড়া শহরের তিনমাথা পুরান বগুড়া দক্ষিণপাড়ার পাদুকা শ্রমিক প্রেমনাথ রবিদাস (৭০), বগুড়া সদরের ফুলবাড়ী মধ্যপাড়ার রিকশাচালক আব্দুল জলিল (৬৫), ফাঁপোড় পশ্চিমপাড়ার রিকশাচালক জুলফিকার আলী (৫৫) এবং মঙ্গলবার বগুড়ার শাজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রামে বিষাক্ত মদপানে মারা যায় মেহেদি হাসান (২৫) ও উপজেলার কাটাবাড়িয়া গ্রামের আবদুল আহাদ (৩০)। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

এদিকে এ ঘটনায় বগুড়া সদর থানায় সোমবার রাতে শহরের তিনটি হোমিও ব্যবসায়ীকে দায়ী করে একটি মামলা করা হয়েছে। পুলিশ তাদের আটকে অভিযান শুরু করেছে। মামলাটি করেন মদপানে অসুস্থ রঞ্জুর ভাই মনোয়ার হোসেন। এ মামলায় বগুড়া শহরের পারুল হোমিও হল, খান হোমিও হল ও পুনম হোমিওসহ কয়েকজন হোমিও ব্যবসায়ীকে দায়ী করেছে।

বগুড়া সদর থানা সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি রাতে পুরান বগুড়া, ভবের বাজার, কালিতলা, ফুলবাড়ী ও কাটনারপাড়া এলাকায় বিষাক্ত মদপান করে বেশ কয়েক জন। এর মধ্যে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, রঞ্জু মিয়ার ভাই বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় পারুল, পুনম, খান নামের তিনটিসহ কয়েকটি হোমিও হলের নামে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত হোমিও ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান চলছে।