বাগেরহাটের শরণখোলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে খিতিশ চন্দ্র (৬৫) নামের এক মিষ্টির দোকানদারকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৪নভেম্বর) বিকেলে ওই শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
খিতিশ চন্দ্র উপজেলার তাফালবাড়ি গ্রামের যাদব চন্দ্রের ছেলে এবং তাফালবাড়ি বাজারে মিস্টির দোকানদার। মেয়েটি ওই এলাকার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগী ওই শিশুটির বাবা বলেন, দুপুর ১২টার দিকে খিতিশ চন্দ্রের মিষ্টির দোকানে নাস্তা খেতে যায় আমার মেয়ে। এসময় দোকানে কেউ ছিল না, এই সুযোগে খিতিশ আমার মেয়েকে জড়িয়ে ধরে। পরে আমার মেয়ে কাঁদতে কাঁদতে বোড়িতে এসে বিষয়টি জানায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, নির্যাতিতা শিশুটির বাবার অভিযোগে আমরা খিতিশ চন্দ্রকে আটক করেছি। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের সোপর্দ করা হবে।










