রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় জিপগাড়ির ধাক্কায় উসিমং মারমা নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার সকাল ৯টায় সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের দেপ্পোছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

উসিমং মারমা স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) জুম ফাউন্ডেশনের বাস্তবায়িত লীন প্রকল্পের নিয়োগপ্রাপ্ত রাঙ্গামাটির মনিটরিং অফিসার।  তিনি জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের তালুকদার পাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কযোগে মোটরসাইকেল আরোহী উসিমং মারমা কাপ্তাই থেকে রাঙ্গামাটি আসছিলেন। সদর ইউনিয়নের সাপছড়ি দেপ্পোছড়ি এলাকায় পৌঁছলে একটি জিপগাড়ি (চাঁদের গাড়ি) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।