বাংলাদেশ ও ভুটানের সাম্প্রতিক সীমান্তপেরিয়ে চুক্তিগুলো দুই দেশের মধ্যে বিপুল সম্ভাবনা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি এখন সময়ের দাবি। পাশাপাশি কার্বনমুক্ত বাণিজ্য জোরদার করাও গুরুত্বপূর্ণ।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিস) মিলনায়তনে ‘বাংলাদেশ-ভুটান সম্পর্ক: পারস্পরিক সমৃদ্ধির পথে বন্ধুত্বের নতুন দিগন্ত’ শীর্ষক এক আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আলোচনার সঞ্চালনাও করেন।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, ভুটানের পণ্যের প্রতিযোগিতা বাড়াতে পরিবহন খরচ কমানো জরুরি। এর জন্য বাংলাদেশের বন্দর ব্যবহার সহায়ক হবে। তিনি জানান, মাতারবাড়িতে নির্মিতব্য দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর ভুটানের জন্য বড় সুযোগ তৈরি করবে। এ বন্দর দিয়ে ভুটান তৃতীয় দেশের সঙ্গে সহজে রফতানি-আমদানি করতে পারবে।

তিনি বলেন, ছোট দেশগুলোও একসঙ্গে থাকলে নিজেদের সক্ষমতা কাজে লাগাতে পারে। বর্তমান অস্থির বিশ্বপরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে অবস্থান শক্ত করা সম্ভব।

ভুটানের রাজাকে পরিবেশবান্ধব নেতৃত্বের জন্য প্রশংসা করে ড. মোস্তাফিজুর রহমান বলেন, ভুটান বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের একটি, যারা ঋণাত্মক কার্বন নিঃসরণকারী। তিনি সতর্ক করে বলেন, বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় কার্বন নিঃসরণ এখন গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে। ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে কার্বন সীমান্ত সমন্বয় কর আরোপ করেছে, যেখানে উৎপাদন প্রক্রিয়ায় নির্গত কার্বনের ওপর কর দিতে হয়। তাই বাংলাদেশকেও নবায়নযোগ্য শক্তি ও পরিবেশবান্ধব উৎপাদনে মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও কূটনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে। দুই দেশ সাংস্কৃতিক বিনিময় ও পর্যটন খাতেও একসঙ্গে কাজ করতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মাশফি বিনতে সামস বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে ভুটানের সঙ্গে রফতানি, জলবিদ্যুৎ ও বাণিজ্য ইস্যুতে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি চিকিৎসা খাতে বাংলাদেশী চিকিৎসক ও নার্সদের জন্য কর্মসংস্থানের সম্ভাবনাও বাড়ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরেন সার্ভিস একাডেমির সাবেক রেক্টর অ্যাম্বাসাডর মাশফি বিনতে শামস, বিসের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিসসহ সংশ্লিষ্ট অনেকে।