বাগেরহাটের মোংলা বন্দরসংলগ্ন এলাকায় অবস্থানরত জাহাজে অসুস্থ হয়ে ফ্যান হংজি (৪৩) নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে বন্দরের ফেয়ারওয়ে বয়ার বাইরে অবস্থানরত সিঙ্গাপুরের পতাকাবাহী ইপিক সেন্ট কিটস নামের একটি বাণিজ্যিক জাহাজে তার মৃত্যু হয়। তিনি এ জাহাজের প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। চিকিৎসকদের ধারণা, হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন বলেন, গত বুধবার বেলা ১১টা নাগাদ ভারত থেকে এলপিজি গ্যাস নিয়ে সিঙ্গাপুরের পতাকাবাহী ইপিক সেন্ট কিটস নামের জাহাজ মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার বাইরে অবস্থান নেয়। সন্ধ্যায় জাহাজটির প্রধান প্রকৌশলী ফ্যান হংজি অসুস্থ হয়ে পড়ার সংবাদ বন্দর কর্তৃপক্ষকে জানানো হলে আমরা একটি চিকিৎসক দল জাহাজে পাঠাই। চিকিৎসক দল সেখানে পৌঁছে  ফ্যান হংজিকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন।

ইপিক সেন্ট কিটসের স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের ব্যবস্থাপক (হিসাব) আব্দুল্লাহ আল মামুন বলেন, বুধবার রাতে জাহাজটি বন্দরে নোঙর করার পর আমরা তার মৃত্যুর খবর পুলিশকে জানাই। পরে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। নভেল করোনাভাইরাসের কারণে আপাতত তার মরদেহ নিজ দেশে পাঠানো সম্ভব হচ্ছে না।