বরিশাল নগরীর হরিনাফুলিয়া এলাকায় র্যাব-৮ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মালেক ফকির (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মালেক বরিশাল নগরীর কেডিসি এলাকার বাসিন্দা এনতাজ ফকিরের ছেলে। তিনি বরিশাল নগরীর আলোচিত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব।
র্যাব-৮ এর মিডিয়া উইং কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) রইস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে র্যাব-৮ এর একটি বিশেষ অভিযানিক দল নগরের জাগুয়া চৌপাশার পুল এলাকায় অভিযানে যায়। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া মাদক কারবারিরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।
গুলিবিনিময়ের পর মাদক কারবারিরা পালিয়ে গেলে র্যাব-৮ এর সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালান। এ সময় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, চার রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ, ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ দুই হাজার ১২৯ টাকা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, নিহত মালেকের মরদেহ পুলিশের কাছে হস্তান্ত করেছে র্যাব। মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।










