সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ফেনজল শনিবার দিনগত রাতে ভারতের তামিলনাড়ুর উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে। এটি পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে উত্তর তামিলনাড়ু ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সাগর কিছুটা উত্তাল থাকায় আগের মতোই চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিবড় ‘ফেনজল’ পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে উত্তর তামিলনাড়ু ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এখনও এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।