বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের টাকুরাই মাঠে বজ্রপাতে ধান কাটারত শ্রমিক আব্দুল হান্নানের (৩৫) মৃত্যু হয়েছে। মারা যাওয়া শ্রমিক হান্নান একই গ্রামের পারেজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল দুপুরে টাকুরাই মাঠে আব্দুল হান্নানসহ পাঁচজন শ্রমিক কৃষক জমসেদ আলীর জমিতে ধান কাটছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাত চলাকালে বজ্রপাত হলে শ্রমিক আব্দুল হান্নান ঘটনাস্থলেই মারা যান। তবে অন্য শ্রমিকরা কিছুটা দূরে থাকায় তাদের কিছু হয়নি।
নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।










