পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ
ফারুক শামীম বলেছেন, বাংলাদেশের উন্নয়নে প্রত্যেক নাগরিকের সমান অবদান রয়েছে। সবার কষ্ট, ত্যাগ-তিতিক্ষার জন্য আজ আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পৌঁছেছে, ২০৩১ সালে উচ্চমধ্যম আয়ের দেশে পৌঁছাবে আর ২০৪১ সালে বাংলাদেশ হবে সমৃদ্ধিশালী দেশ।
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে মহানগরীর ৪৩টি এবং সদর উপজেলার ২২টিসহ ৭৫টি মণ্ডপের নেতাদের হাতে অনুদানপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রতিটি মণ্ডপের জন্য ৫০০ কেজি করে চালের অনুদানপত্র পূজা কমিটির হাতে তুলে দেয়া হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অসাম্প্রদায়িকতার একটি অনন্য উদাহরণ স্থাপন করেছেন। এ দেশে আমরা বিভিন্ন ধর্মের মানুষ যেভাবে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করি, সেটা বিশ্বে বিরল। দুর্গা পূজায় আমরা সবাই কিন্তু পূজামণ্ডপে যাচ্ছি, উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। আবার আমাদের মুসলমানদের ঈদের সময় কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা আমাদের বাসায় আসেন, উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন। এই ভ্রাতৃত্ববোধটা আমাদের বজায় রাখতে হবে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে পৃথিবীতে অনেক লোকের মৃত্যু হয়েছে, অনেকে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আমাদের অনেক আত্মীয়-স্বজনও রয়েছেন। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে পূজার উৎসব পালন করতে হবে। এজন্য কমিটির প্রতি অনুরোধ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ ভলান্টিয়ারদের তাদের দায়িত্ব পালনের বিষয়ে উদ্বুদ্ধ করুন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে অনেক প্রণোদনা দেয়া হয়েছে। তার পরও জননেত্রী শেখ হাসিনা তার হাত খোলা রেখেছেন। পূজার কথা চিন্তা করে তিনি প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল দেয়ার কথা ঘোষণা দিয়েছেন।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহামুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু প্রমুখ।










