বরিশালের মেহেন্দীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই বছরের শিশুকে হত্যার পর আত্মহত্যা করেছে মা। গতকাল সকালে মেহেন্দীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের বদরপুর এলাকার নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে মেহেন্দীগঞ্জ থানা পুলিশ।
নিহতরা হলো আমজাদ হোসেনের স্ত্রী সালমা আক্তার (২৫) ও তার মেয়ে তাসরিন (২)। বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান জানান, গত বুধবার রাতে স্বামী আমজাদ হোসেনের সঙ্গে সালমা আক্তারের কথা কাটাকাটি হয়। পরে তারা দুজন ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মা-মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েকে হত্যার পর ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে।










