নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে এই ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান।
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকার স্থায়ী এ বাসিন্দা ৪৮ বছর বয়সী শিক্ষক দেলোয়ার হোসেন ঢাকার শ্যামপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ পরিদর্শক মোখলেসুর বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনের দিকে ঢুকছিল। এ সময় নিহত ব্যক্তিসহ কয়েকজন যাত্রী প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে চলন্ত ট্রেনের ওঠার চেষ্টা করেন। তখন ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।










