শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের মিশন একটাই, মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। মন্ত্রণালয়ের সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করলে আমরা সফল হব। কাজ করার ক্ষেত্রে আমাদের যে গাইডলাইন আছে, আমাদের দলের যে ইশতাহার আছে, ইশতাহারকে সামনে রাখব।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত ১ বছরে কী কী কাজ হয়েছে সেটা দেখে বুঝতে পারব কী কী ঘাটতি আছে। তিনি বলেন, দেশটা আমাদের। আগামী ১০০ দিনের মধ্যে আমরা কী করব তার একটি লক্ষ্যমাত্রা তৈরি করতে হবে।
আরিফুল হক চৌধুরী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। কাজের ক্ষেত্রে কার্য বিধিমালার বাইরে আমরা যাব না। যেখানে যা প্রয়োজন তা পরিস্কারভাবে জানাবেন।
তিনি বলেন, রমজানের শেষের দিকে ঈদুল ফিতরের আগে যাতে কলকারখানায় কোথাও কোনো শ্রম অসন্তোষ সৃষ্টি হতে না হতে পারে সে বিষয়ে আগেই তৎপর থাকতে হবে।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, প্রথম তিনমাসের একটা কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে এবং প্রথম তিন মাসে আমরা এ কাজগুলো সম্পন্ন করব। আমরা মানুষকে যেন বলতে পারি যে তিন মাসে এ কাজগুলো করেছি।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










