সরবরাহ বাড়ায় বেশ কয়েকদিন ধরেই দিনাজপুরের হিলিতে দেশীয় কাঁচামরিচের দাম কমতির দিকে রয়েছে। পাঁচদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম পাইকারিতে কেজিতে ১৫ টাকা করে কমেছে। পাঁচদিন আগে প্রতি কেজি কাঁচামরিচ ৫০ টাকা দরে বিক্রি হলেও গতকাল তা কমে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে খুচরা পর্যায়ে ৬০ টাকা থেকে কমে ৪৫ টাকা করে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। এদিকে দেশীয় কাঁচামরিচের দাম কম থাকায় ভারত থেকে আমদানি বন্ধ রয়েছে।

হিলি কাঁচাবাজার করতে আসা মেহেদুল ইসলাম বলেন, বাজারে সব জিনিসের দাম যখন ঊর্ধ্বমুখী, সে সময় কাঁচামরিচের দাম কমায় আমাদের মতো নিম্ন আয়ের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। যে কাঁচামরিচ কয়েকদিন আগে ১০০-১২০ টাকা উঠে গিয়েছিল, সেই কাঁচামরিচ এখন কমে ৪৫ টাকায় নেমেছে। হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব হোসেন বলেন, দুই সপ্তাহ ধরেই দেশীয় কাঁচামরিচের দাম কমতির দিকে রয়েছে। এর মূল কারণ এখন আবহাওয়া অনেকটা ভালো হওয়ায় কাঁচামরিচের উৎপাদন বেড়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছিল। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচ উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে। দাম কমে এখন ৩৫ টাকায় নেমে এসেছে। ফলে লোকসানের আশঙ্কায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রেখেছি।