কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ রোববার (২২ মার্চ) এক শোকবার্তায় তিনি মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কৃষিমন্ত্রী বলেন, দুর্ঘটনায় একসঙ্গে এত মানুষের প্রাণহানি জাতির জন্য বড় ক্ষতি। এ সময় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়া আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ব দেন।
তিনি আরো বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আরো সচেতন ও দায়িত্বশীল হতে হবে। এতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।










