বরিশাল বিসিক শিল্পনগরীতে তিনদিনের ব্যবধানে দুজন শিল্প মালিক হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক শিল্প মালিক। চলমান উন্নয়নকাজের চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা শিল্প মালিকদের হয়রানি করছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, এমজে ইন্ডাস্ট্রিজের মালিক শফিউল আজম ও মৌমিতা বেকারির মালিক হিমাদ্রী শেখর সাহাকে মারধর করে নগদ টাকা ছিনতাই ও একটি গাড়ি ভাংচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন শফিউল আজম।

এ ব্যাপারে জানতে চাইলে বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন, শিল্পনগরীর চলমান উন্নয়ন কার্যক্রম ব্যাহত করতে স্থানীয় কিছু সন্ত্রাসী প্রায়ই সেখানে হানা দিচ্ছে। তারা একের পর এক শিল্প মালিকের ওপর হামলা করছে। এর আগে বিসিকের নিচু অংশ ভরাট করতে বালি ফেলার জন্য স্থাপন করা ৩৬ লাখ টাকার পাইপ খুলে নিয়ে গেছে সন্ত্রাসীরা। চাঁদার দাবিতে পরিকল্পিতভাবে এসব ঘটানো হচ্ছে।

বিসিক শিল্পনগরীর একাধিক শিল্প মালিক অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের ছত্রছায়ায় ওই সন্ত্রাসী গোষ্ঠী বিসিক এলাকায় তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ভয়ে পুলিশের কাছেও অভিযোগ করছে না কেউ। অনেকে ঝামেলা এড়াতে গোপনে চাঁদা দিয়ে দিচ্ছেন।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. মাসুদ রানা বলেন, মামলা প্রক্রিয়াধীন। কিছু দুর্বৃত্ত প্রায়ই বিসিক এলাকায় নানা ঝামেলায় লিপ্ত থাকে। মামলা দায়ের হলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।