চার দিনের শুভেচ্ছা সফরে দেশে এসেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ।  শনিবার (৮নভেম্বর) চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

জাহাজটিকে স্বাগত জানাতে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের অভ্যর্থনা জানায়।

শনিবার (৮ নভেম্বর) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কামান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনী জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন। এ ছাড়া, নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তানের জাহাজটি পরিদর্শন করবেন। 

পাকিস্তান নৌবাহিনীর জাহাজের বাংলাদেশ সফরের ফলে দুদেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ দ্বি-পক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।