আরো পাঁচটি ফ্লাইওভার নির্মাণ করতে যাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এছাড়া তৈরি হবে ১৯টি বিভিন্ন ধরনের অবকাঠামোও। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ হবে এ অবকাঠামো।
গতকাল এসব নির্মাণের নকশা ও বিস্তারিত প্রকৌশল নকশা প্রণয়নে তিনটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে নগর কর্তৃপক্ষ। রাসিকের পক্ষে চুক্তিতে সই করেন প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার। এছাড়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন সার্ম অ্যাসোসিয়েটের পরিচালক (অপারেশন) শেখ মাসুম মো. সালাহউদ্দিন, ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্ট লিমিটেডের (ডিপিএম) পরিচালক লাইক মো. মুস্তাক, ভিস্তারা আর্কিটেক্টের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খালিদ পলাশ।
নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রী প্রায় ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে আবারো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
মেয়র বলেন, রাজশাহীকে আরো উন্নত, আধুনিক ও বসবাস উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। এ নগরীতে যারা বসবাস করবেন, তারা গর্ববোধ করবেন। শুধু অবকাঠামো উন্নয়ন নয়, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিসিক শিল্পনগরী-২ ও চামড়া শিল্প পার্ক প্রতিষ্ঠার কাজ চলছে। ২২টি পুকুর অধিগ্রহণ করে পার্কের মতো বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে।
রাসিক সূত্র জানিয়েছে, নগরীর হড়গ্রাম নতুনপাড়া রেলওয়ে ক্রসিং, কোর্ট স্টেশন রেলওয়ে ক্রসিং, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর রেলওয়ে ক্রসিং, ভদ্রা রেলওয়ে ক্রসিং এবং নগরীর বর্ণালী, বন্ধ গেট ও নতুন বিলসিমলা রেলওয়ে ক্রসিংয়ে এসব ফ্লাইওভার নির্মাণ করা হবে। একই প্রকল্পের আওতায় ১৯টি বিভিন্ন অবকাঠামো নির্মাণ হবে।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, জেম কনস্ট্রাকশন লি.-এর চেয়ারম্যান প্রকৌশলী ওয়াহিদ আজহার। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার।










