দিনাজপুরের হিলি স্থলবন্দরে মাঙ্কিপক্স প্রতিরোধে নেয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। ইমিগ্রেশন চেকপোস্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বসানো হয়েছে মেডিকেল টিম। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর গতকাল সকালে হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম কাজ শুরু করে। চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াতকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বন্দর দিয়ে আমদানি-রফতানীকৃত পণ্যবাহী ট্রাকের চালক ও হেলপারদের এর আওতায় রাখা হয়নি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. বদিউজ্জামান বলেন, ইমিগ্রেশেন আগমন ও বহিগর্মনকৃত পাসপোর্টধারী যাত্রীদের শরীরে জ্বরসহ অন্য কোনো লক্ষণ দেখলে তাকে আলাদাভাবে চেকআপ করা হচ্ছে। 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি মেডিকেল টিমের একজন স্বাস্থ্য সহকারী ইমিগ্রেশনে স্থাপিত বুথে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। কোনো যাত্রীর শরীরে এ রোগের কোনো লক্ষণ থাকলে তাকে দ্রুত শনাক্তের মাধ্যমে হাসপাতালে ১৪ দিনের আইসোলেশনে রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে তার নমুনা সংগ্রহ করে তা পাঠিয়ে নিশ্চিত হব সেটি মাঙ্কিপক্স কিনা।