উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ারে (উড়োজাহাজের অবতরণ চাকা নামানোর ব্যবস্থা) ত্রুটি দেখা দেয়ায় গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কক্সবাজার থেকে আসা একটি ফ্লাইট। বিকালে বিজি ৪৩৬ ফ্লাইটটি বিকল্প পদ্ধতিতে সামনের চাকা নামিয়ে নিরাপদে অবতরণ করে। উড়োজাহাজটিতে ৭৮ যাত্রী ও চারজন ক্রু ছিলেন। তাদের সবাই নিরাপদে রয়েছেন। তবে জরুরি অবতরণের প্রস্তুতির কারণে শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখতে হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজটি বেলা ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের পর উড়োজাহাজটির ২ নম্বর হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এমন পরিস্থিতিতে বিমানের সামনের চাকা স্বাভাবিকভাবে নামাতে সমস্যা হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাইলট জরুরি অবতরণের প্রস্তুতি শুরু করেন।
বেবিচকের তথ্য অনুযায়ী, বেলা ২টা ২০ মিনিটে এরিয়া কন্ট্রোলের মাধ্যমে জরুরি পরিস্থিতির কথা জানান পাইলট। তখন উড়োজাহাজটি প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় ছিল। পরে এরিয়া কন্ট্রোল বিষয়টি ঢাকার টাওয়ারকে জানায়। জরুরি বার্তা পাওয়ার পর পরই বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলকে সতর্ক অবস্থায় রাখা হয়। পাশাপাশি অবতরণের জন্য সমন্বয় করা হয় সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে।
জরুরি অবতরণের আগে উড়োজাহাজটি আকাশে চক্কর দেয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটিকে টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দিতে দেখা যায়। এর মধ্যে বিকল্প পদ্ধতিতে সামনের চাকা নামাতে সক্ষম হন পাইলট। পরে বেলা ৩টা ৯ মিনিটে উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বলে বেবিচকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জরুরি অবতরণের প্রস্তুতির অংশ হিসেবে বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বেলা ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ ছিল। এ সময় অন্য উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়।
ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেবিচকের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিমানবন্দর ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালনগত ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে বিলম্ব হয়েছিল। পাইলট, প্রকৌশলী, গ্রাউন্ড অপারেশনস কর্মী ও বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত তৎপরতায় উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।
বিলম্বের কারণে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা ও পরিচালনগত মান বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।










