বরিশালে সোনারগাঁও টেক্সটাইলস মিল খুলে দেয়া ও বকেয়া আট মাসের বেতন পরিশোধের দাবিতে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল সকাল ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী শ্রমিকরা নগরীর রূপাতলী সড়কসংলগ্ন সোনারগাঁও টেক্সটাইলস মিলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দুই প্রান্তের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল ওসি মো. নুরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ কর্মসূচি প্রত্যহার করান।

বেলা ১১টায় একই দাবিতে মিলের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন শ্রমিক-কর্মচারীরা। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবরোধ কর্মসূচিতে অংশ নেন বরিশালের আটটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। মহাসড়ক অবরোধকালে তারা শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং মিল খুলে দেয়ার দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন সোনারগাঁও টেক্সটাইলস মিল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সংগঠক হারুন শরীফ, ফরহাদ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং মিল খুলে দেয়ার দাবি জানান।