কক্সবাজারে চারজনসহ সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় মাদারীপুর, চট্টগ্রাম ও কুষ্টিয়ায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

কক্সবাজার: ঈদগাঁও উপজেলায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো আটজন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খোদাইবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মোজাম্মেল হক।

নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালীর রায়ছড়া ইউনিয়নের ইলশা গ্রামের মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম (৫৮), একই এলাকার গোলাম সোবহানের ছেলে দুলা মিয়া (৬৫)। তারা দুজন ঘটনাস্থলে মারা যান। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাঁশখালী উপজেলার বাঘমারার রফিক আহমেদ (৭০)। অন্য একজনের নাম জানাতে পারেনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

মাদারীপুর: মাহিন্দ্র গাড়ি উল্টে চালকসহ দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুই পথচারী। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পখিরায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাহিন্দ্রচালক এনামুল হোসেন (২৫) ও চালকের সহযোগী আরিফ শিকদার (১৭)। এনামুল নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের সরাফাত আলী মীরার ছেলে এবং আরিফ মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সদর উপজেলার পখিরার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে সহযোগী আরিফকে নিয়ে কাজের উদ্দেশ্যে বের হন এনামুল। এ সময় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে চালক নিয়ন্ত্রণ হারালে মাহিন্দ্রটি উল্টে যায়। 

চট্টগ্রাম: কালুরঘাটে টেম্পোর ধাক্কায় ফাতেমাতুজ জোহরা (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে কালুরঘাট ফেরিসংলগ্ন বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। ফাতেমা বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীলের মো. হাসানের মেয়ে এবং নগরীর হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

কুষ্টিয়া: জেলার মিরপুরে সড়ক দুর্ঘটনায় শাহজাহান কবিরাজ (৪৮) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে সড়ক দুর্ঘটনাটি হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কেউ বলতে পারেননি। শাহজাহান মিরপুর পৌরসভার যুগিপোল মহল্লার মৃত আব্দুর রাজ্জাক কবিরাজের ছেলে।

মিরপুর থানার এসআই তুহিন জানান, ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন স্বজনরা। সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তিনি কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন।