বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে গোলাম মাসউদ বাবলু ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম খোকনসহ সাদা প্যানেলের ১০ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। সমিতির ৮৮৬ জন ভোটারের মধ্যে ৭৪৮ জন তাদের ভোট প্রয়োগ করেছেন।

সাদা প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু ২৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত পান্না-রিয়াজ (নীল) প্যানেলের সভাপতি প্রার্থী নাজিম উদ্দিন আহম্মেদ পান্না পেয়েছেন ১৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। তার প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের প্রার্থী মির্জা মো. রিয়াজ হোসেন পেয়েছেন ১৪২ ভোট।

এছাড়া সহসভাপতি পদে সাদা প্যানেলের লীলা রানী চক্রবর্তী ২১৮ ও সালাউদ্দিন সিপু ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম নীল প্যানেলের প্রতিদ্বন্দ্বী অসীম কুমার বাড়ৈ ১৬২ ও শেখ মেহেদী হাসান শাহীন ১৬০ ভোট পেয়েছেন। অর্থসম্পাদক পদে সাদা প্যানেলের মিজানুর রহমান মিন্টু ২৪৫ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নীল দলের আব্দুল মালেক পেয়েছেন ১৪৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে সাদা প্যানেলের সুমন চন্দ্র হালদার ২০৬ ও এসএম আতিকুল ইসলাম ২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের নিজাম উদ্দিন ১৪৪ ও শাহ আলম ১৬৭ ভোট পেয়েছেন।