হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগ থেকে ১৫ লিটার বিদেশী মদ জব্দ করেছে। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

বুধবার (১২ আগস্ট) বিকালে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ নজরদারি চালানো হয়। এ সময় ওই ফ্লাইটের যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগ তল্লাশি করে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল এবং একই ফ্লাইটের অপর যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগ তল্লাশি করে আরও ৫ লিটার স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।

দুই যাত্রীর কাছ থেকে জব্দকৃত বিদেশী মদের মোট পরিমাণ ১৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার প্রচেষ্টা প্রতিরোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।