জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম। আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে নিজ ভ্যারিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ওই ফেসবুক পোস্টে সারজিস বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি তরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে।

তিনি পোস্টে জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে 'সাধারন সম্পাদক' নামে কোনো পদ এখন নেই।

তিনি আরো বলেন, এই দায়িত্ব পালনকালে তিনি ফাউন্ডেশন থেকে কোনো বেতন বা সম্মানী নেননি। এছাড়া, ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যারিফায়েড ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহযোগিতার পাশাপাশি প্রায় ১১ হাজার ভ্যারিফায়েড আহতের মধ্যে প্রায় ২ হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় বলেও উল্লেখ করেন তিনি।

সারজিস বলেন, যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি ৷ যখন মনে হয়েছে- এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেয়া আমার জন্য সম্ভব হবে নয় তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি ৷