সারাদেশের মতো বরিশালেও শুরু হয়েছে ভার্চুয়াল আদালতের কার্যক্রম। আদালত পরিচালনায় প্রথম দুইদিনে চিফ জুডিশিয়াল মেজিস্ট্র্যাটের অধিনস্থ ছয় আদালতে ৫৩টি মামলার জামিন শুনানি নিষ্পত্তি হয়েছে। এত জামিন পেয়েছেন ৪৭ আসামি।
বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরি জামিন সংক্রান্ত শুনানি নিষ্পত্তির জন্য নিম্ন আদালতগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ১০ মে এ নির্দেশনা দেয়ার পরপরই শুরু হয়েছে ভার্চুয়াল আদালতের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি। বিভিন্ন মামলার হাজতি আসামিদের জামিন আবেদন গ্রহণের জন্য বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসানের অধীনে ছয়টি আদালত গঠন করা হয়েছে।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. সুমন হাওলাদার জানান, আদালত গঠনের পর থেকেই আইনজীবীরা জামিন শুনানির আবেদন দাখিল করতে থাকেন।
গত বুধবার ৬৭টি জামিন আবেদন করা হয়। ওই দিন ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে ১৮টি জামিন আবেদনের শুনানি সম্পন্ন হয়। ১৮টি আবেদন মঞ্জুর করে ২১ আসামিকে জামিন দেন সংশ্লিষ্ট বিচারকরা। বৃহস্পতিবার ৩৫টি জামিন আবেদন শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এদিন ২০ মামলায় ২৬ জন আসামি জামিন পান।










