শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে রক্তিম হস্তছাপ এঁকেছেন শিক্ষার্থীরা। ১৬ জানুয়ারি পুলিশি হামলার স্থানে শিক্ষার্থীরা হাতের এ ছাপ দেন। আজ বৃহস্পতিবার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিলও করেছেন।

বিকেল সাড়ে ৪টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি শিক্ষা ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা গত ১৬ জানুয়ারি পুলিশের সাথে সংঘর্ষ, আন্দোলন-অনশনের সময়ের বিভিন্ন ছবি, প্ল্যাকার্ড এবং পোস্টার নিয়ে অংশগ্রহণ করেন। পরবর্তীতে আইআইসিটি ভবনের সামনে ১৬ জানুয়ারি পুলিশের সাথে যেখানে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছিল, সেই স্থানে শিক্ষার্থীরা রক্তিম হাতের ছাঁপ আঁকেন।

আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমাদের দাবিগুলোও এখনো পূরণ হয়নি। তাই দাবি আদায়ের জন্য আমরা মিছিল করেছি। বন্ধ থাকা আড়াই শতাধিক মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলে দেয়া ও শিক্ষার্থীদের উপর দায়ের করা দুটি মামলা প্রত্যাহারের দাবিও জানান এ শিক্ষার্থী।

গত মাসে শাবিপ্রবিতে প্রভোস্ট বিরোধী আন্দোলন শুরু হয়। ১৬ জানুয়ারি প্রভোস্ট বিরোধী আন্দোলনের সময় অবরুদ্ধ ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে মুক্ত করতে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে শিক্ষক, শিক্ষার্থী, পুলিশসহ অর্ধশতাধিক আহত হন। হামলার পরপরই প্রভোস্ট বিরোধী আন্দোলন ভিসি বিরোধী আন্দোলনে রূপ নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন অভিযোগ তুলে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টর বডিরও পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।