ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. কামরুজ্জামানকে (৩৫) আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকতারুন নেছার নির্দেশে গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে পুলিশ তাকে আটক করে।
জানা গেছে, কটিয়াদী উপজেলার সহস্রাম ধুলদিয়া এলাকার ফুলবাড়িয়া গ্রামে জেলা পরিষদের ত্রাণ বিতরণের সময় বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান কটিয়াদী উপজেলার ইউএনওকে বিষয়টি তদন্তের অনুরোধ জানান।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল আটকের তথ্য নিশ্চিত করে বলেন, জেলা পরিষদ কর্তৃক বিতরণকৃত ৪৫০ ব্যাগ ত্রাণের মধ্যে অভিযুক্ত বিলি করেছেন ২৩১ বস্তা। বিলিকৃত ত্রাণের মধ্যে কিছু ব্যাগে পরিমাণে কম পাওয়া গেছে। আটককৃত জেলা পরিষদ সদস্য মো. কামরুজ্জামানকে আদালতে চালান করা হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান বলেন, এই সদস্য বেশিরভাগ সময় ঢাকাতেই থাকেন। এ কারণে তার ব্যপারে এর চেয়ে বেশি তিনি তেমন কিছু জানেন না।










