গাজীপুর সিটি করপোরেশনের মুগরখাল ও ইটাহাটায় বিভিন্ন বাসাবাড়ির শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় একটি বেকারিসহ চারজনকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কাদের ফ্রেশ ফুড নামে একটি বেকারিসহ আরো তিনজন আবাসিক গ্রাহককে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মামুনুর রহমান, উপব্যবস্থাপক আমিরুল ইসলাম, আসাদুজ্জামান আজাদ, ফয়সাল আহমেদ ও আমজাদ হোসেন, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল ও রাকিব হাসান।