বাগেরহাটের রামপালে অবৈধ সম্পর্ক ধামাচাপা দিতে নবজাতককে নদীতে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে জামাই-শ্বশুরের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই রাতেই স্থানীয় আম্বিয়া বেগম নামের এক নারীর মামলায় অবৈধ সম্পর্ক স্থাপনকারী আলামিন শেখ ও তার শ্বশুর শাহাজাহান হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আল আমিন শেখ (২৬) মল্লিকেরবেড় গ্রামের জামেল হাওলাদারের ছেলে এবং শাহাজাহান হাওলাদারের জামাতা।

মামলা সূত্রে জানা যায়, শ্বশুরবাড়িতে বসবাসের সুযোগে আল আমিনের প্রতিবেশী কিশোরীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। শুক্রবার বেলা ১১টার দিকে কিশোরীর প্রসব বেদনা ওঠে। তখন গোপনে আলামিন তার শ্বশুর শাহাজাহান কিশোরীকে নিয়ে পল্লী চিকিৎসকের কাছে যায়। পথে ভ্যানের ওপর একটি পুত্র সন্তান জন্ম দেয় ওই কিশোরী। এ সময়ে আলামীন ও তার শ্বশুর মিলে নবজাতক শিশুকে খালের পানিতে চুবিয়ে হত্যা করে।  এরপর তার মরদেহটি খালের পাশে পুঁতে ফেলার সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পায়।

রামপাল থানার ওসি মো. সামসুদ্দিন এ তথ্য নিশ্চিত করছেন।