বগুড়ার সারিযাকান্দি উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলায় নিহত হয়েছেন সাইদুর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে বোহাইল ইউনিয়নের উত্তর চরমাঝিড়া গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বোহাইল ইউনিয়নের উত্তর চরমাঝিড়া গ্রামের মৃত বিলাত প্রামাণিকের ছেলে সাইদুর ইসলাম ও তার চাচা জহরুল ইসলাম পাওয়ার টিলারের মিস্ত্রির কাজ করতেন। কয়েক দিন আগে তারা একই এলাকার নূর আকন্দের ছেলে শহিদ মিয়ার একটি পাওয়ার টিলার মেরামত করে দেন। বৃহস্পতিবার ইফতারের পর পাওয়ার টিলার মালিক শহিদের বাড়িতে গিয়ে জহুরুল ও সাইদুর মেরামতের বিল চাইতে যান। বিল চাওয়া নিয়ে দুই পক্ষের বাকিবতণ্ডার এক পর্যায়ে সাইদুরের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা করা হয়। এতে গুরুতর আহত হন সাইদুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টার দিকে মারা যান সাইদুর।
বগুড়ার সারিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে সাইদুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










