রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা একটি ভিআইপি বাসে আগুন দেয়ার চেষ্টাকালে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আজ রোববার লালবাগ থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

লালবাগ থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসে আগুন দেয়ার চেষ্টা করে আমিনুল ইসলাম শাওন। বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা ওই ব্যক্তিকে বাধা দেন। একই সময়ে টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে তাকে হাতেনাতে আটক করেন।

আটকের সময় উত্তেজিত জনতা তাকে মারধর করলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে আটক আমিনুল ইসলাম শাওনকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।