হটলাইনে (০১৭৫৮-৯০১৯০৩) ফোন করলেই করোনা আক্রান্তদের অক্সিজেন পৌঁছে দেবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। একেবারেই বিনা মূল্যে মিলবে বিশেষ এ সেবা।
গতকাল দুপুরে নিজস্ব অক্সিজেন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় মহামারীকালে বিশেষ এ সেবা কার্যক্রম চালু করল নগর কর্তৃপক্ষ। ১০০ সিলিন্ডার নিয়ে অক্সিজেন ব্যাংক যাত্রা করলেও প্রয়োজনে সিলিন্ডার সংখ্যা বাড়ানোর কথাও জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
নগর এলাকার বাইরে রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় এ সুবিধা পৌঁছে দেবে রাসিক। প্রত্যেক জেলার ১০টি হিসেবে আরো ৪০টি অক্সিজেন সিলিন্ডার মজুদ করেছে রাসিক।
অক্সিজেন ব্যাংক উদ্বোধনীতে সিটি মেয়র বলেন, এখন থেকে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেনস্বল্পতায় অথবা শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি ও তার স্বজনরা রাসিকের হটলাইন নম্বরে কল করলেই তাত্ক্ষণিক তার বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীকে পরীক্ষা করে প্রয়োজনমতো দেয়া হবে অক্সিজেন ও চিকিৎসাসেবা। ২৪ ঘণ্টা চালু থাকবে এ সেবা। শুধু তা-ই নয়, আক্রান্ত ব্যক্তির খাবার ও ওষুধ প্রয়োজন হলে সেটিও সরবরাহ করবে রাসিক।
মেয়র আরো বলেন, করোনার এ দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের জন্য অক্সিজেন অতি জরুরি প্রয়োজন। মানুষের জীবন সংকটে মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ। আগামীতে এর পরিধি বাড়ানো হবে।
এর আগে সংকটাপন্ন করোনা আক্রান্তদের সহায়তায় ১৫ জুন ‘পুলিশ কভিড অক্সিজেন ব্যাংক’ চালু করে রাজশাহী মহানগর পুলিশ। কভিড আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি বা তার স্বজনরা আরএমপির কন্ট্রোল রুমের ০১৩২০-০৬৩৯৯৮ নম্বরে কল করলে অক্সিজেন সিলিন্ডারসহ পুলিশ সদস্যরা আক্রান্তের ঠিকানায় উপস্থিত হবেন বলে জানিয়েছেন নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। পুলিশের এ সেবাও মিলবে একেবারেই বিনা মূল্যে।










