বগুড়ার শেরপুর উপজেলায় দুই ট্রাক সরকারি ইউরিয়া সার উদ্ধার ঘটনায় এক মাস পর মামলা করা হয়েছে। গতকাল সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কার্যালয় এ মামলা করে। মামলায় মেসার্স শাহীন ট্রেডার্সের সাজ্জাদুল হক ও গ্লোবাল লিংকের তাহেরা হোসেনকে অভিযুক্ত করা হয়। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদক বগুড়ার সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের মেসার্স শাহীন ট্রেডার্স এবং গ্লোবাল লিংক দুটি প্রতিষ্ঠানই জেলা সদরের নিশিন্দারা নেংরা বাজার এলাকার সরকারি সার ডিলার। তাদের নির্ধারিত সার এ এলাকাতেই বিক্রি করতে হবে। কিন্তু এ দুই ডিলার যোগসাজশ করে নকল চালান তৈরি করে গত ১ নভেম্বর বগুড়া বাফার গুদাম থেকে সার বের করে অবৈধভাবে অন্য জেলায় নেয়ার সময় বগুড়ার শেরপুর উপজেলার সাউদিয়া রেস্টুরেন্টের সামনে দুই ট্রাক ইউরিয়া সার জব্দ করেন র্যাব সদস্যরা। র্যাবের কাছ থেকে সব কিছু বুঝে নিয়ে দুদক খোঁজখবর করে। এতে ঘটনার সত্যতা পাওয়ায় দুজনকে আসামি করে গতকাল মামলা দায়ের করা হয়।
গত ১ নভেম্বর দুই ট্রাক ভর্তি ৪০ টন ইউরিয়া সার জব্দকালে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, উপজেলা কৃষি কর্মকর্তা, সরকারের একটি বিশেষ বাহিনীর কর্মকর্তা, হাইওয়ে পুলিশ ও র্যাব কর্মকর্তারা। উদ্ধার হওয়ায় সারের বাজারমূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা।










