ওয়ালটনের পণ্যের মান সারা বিশ্বের বাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এবং দেশের কর্মসংস্থান সৃষ্টিতে বিশাল ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটি হল-৩ এ ওয়ালটনের উদ্যোগে শুরু হওয়া তিন দিনব্যাপী একক বৃহৎ শিল্প মেলা ‘এটিএস এক্সপো-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ওয়ালটন শুধু নিজেরা ব্যবসা করছে না বরং অন্যান্য প্রতিষ্ঠানকেও সহায়তা করছে। সরকারি চাকরির সংখ্যা যেখানে মাত্র ১৫ লাখ, সেখানে ওয়ালটনসহ অন্যান্য প্রাইভেট সেক্টরই বাকি বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। ওয়ালটনের স্বপ্ন হলো এ দেশকে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। এ মেলায় প্রদর্শিত ইলেকট্রনিকস পণ্যের বিভিন্ন উপাদান অন্যান্য কোম্পানিও তাদের পণ্য উৎপাদনে ব্যবহার করতে পারবে। এভাবে ওয়ালটন জনমানুষের ব্র্যান্ড হয়ে উঠেছে।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এ একক শিল্প মেলায় ওয়ালটনের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তৈরি আন্তর্জাতিক মানের ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস এবং টেস্টিং সলিউশনস প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান, উরি ব্যাংকের কান্ট্রি হেড জিন হুর এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার নাজিথ মীওয়ানাগে।

এছাড়া ফরেন ডিপ্লোম্যাট সামের আবদেরাজ্জাক ও টউম সোফিয়ানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ওয়ালটনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ শিল্প মেলার মাধ্যমে ওয়ালটনের পণ্যের মান এবং উৎপাদনশীলতার সম্ভাবনা তুলে ধরা হচ্ছে, যা দেশের শিল্প খাতকে আরো সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।