বাগেরহাটের মোরেলগঞ্জে আগুনে পুড়ে বনি আমিন নামের এক দিনমজুরের বসতঘর ভস্মীভূত হয়েছে। গতকাল দুপুরে মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বনি আমিনের বসতঘরে থাকা মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই দিনমজুরের তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত বনি আমিনের স্ত্রী শাহানাজ বেগম বলেন, দুপুরে বাড়ি থেকে জরুরি কাজে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলাম। কিছুক্ষণ পর আগুন লাগার খবর শুনে দৌড়ে আসি। আমার ডাক-চিত্কারে প্রতিবেশী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নেভাতে নেভাতে আমার ঘরের মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।
শাহানাজ বেগম বলেন, চার-পাঁচ মাস আগে টিনের ঘরটি তৈরি করেছি। কিন্তু আগুনে পুড়ে ঘরটি শেষ হয়ে গেল।
পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজ্জাক মজুমদার বলেন, একটি বসতঘর পুড়ে যাওয়ার খবর শুনেছি। খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।










