অনিবার্য পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নির্ধারিত দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

স্থগিত হওয়া ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০। এসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট দুটির সময়সূচি পরিবর্তন বা পরবর্তী অবস্থা সম্পর্কে আগামীকাল রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে বিমান কর্তৃপক্ষ।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ পরিস্থিতিতে সহায়তার জন্য যাত্রীদের সংস্থাটির কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ফ্লাইটের পরবর্তী তথ্য বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।