ভারতের পুনেতে শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ দলের এবারের বিশ্বকাপ যাত্রা। ৯ ম্যাচের ৭টিতে হেরেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। ১০ দলের এ টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান আটে। সর্বশেষ সেমিফাইনালিস্ট ও বাংলাদেশের মাঝে রয়েছে আরো তিনটি দল। শোচনীয়ভাবে ব্যর্থ এ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। গতকাল সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী চার্টার্ড বিমান।
অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে পড়ায় আগেই দেশে ফিরে এসেছেন। তিনি শেষ ম্যাচটি খেলতে পারেননি। গতকাল স্কোয়াডের বাকি সদস্যরা দেশে ফিরেছেন। ক্রিকেটারদের সঙ্গে এসেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচিং স্টাফের বাকি সদস্যরা ভারত থেকে যে যার দেশে ফিরে গেছেন।
ফিরতে পারতেন বীরের বেশে, পেতে পারতেন ফুলেল শুভেচ্ছা আর সংবর্ধনা। উল্টো এবার ক্রিকেট তারকারা ঘরে ফিরলেন নীরবে-নিভৃতে। বিমানবন্দরে শুধু মাহমুদউল্লাহ ছাড়া বাকিদের নিয়ে কারো কোনো আগ্রহ ও কৌতূহল চোখে পড়ল না। যার বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়াই ছিল ঘোর অনিশ্চিত, সেই মাহমুদউল্লাহই সম্মানের সঙ্গে ফিরলেন দেশে।
কত কত গাড়ি বিমানবন্দর থেকে বেরিয়ে গেল, কোনো ভিড় নেই, ক্যামেরার ফ্ল্যাশ পড়ল না। ব্যতিক্রম মাহমুদউল্লাহর ক্ষেত্রে। তার গাড়িটা বের হতেই ঘিরে ধরল অসংখ্য ক্যামেরা আর সমর্থক। গাড়িটা নিরাপদে বেরিয়ে যাওয়ার পথ করে দিতে নিরাপত্তাকর্মীদের বেশ বেগ পেতে হলো। কারণটা সবারই জানা। দুর্দশা আর হতাশার বিশ্বকাপ আসরে তিনি বুক চিতিয়ে লড়েছেন। বেশ কয়েকবার দেশকে বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন। এ পথে ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার ৫৪.৬৬ গড়ে দেশের পক্ষে সর্বোচ্চ ৩২৮ রান করেছেন। তাই ফেরার পথে পেলেন ভালোবাসা।
এটি ছিল বাংলাদেশের সপ্তম ওয়ানডে বিশ্বকাপ অংশগ্রহণ। ১৯৯৯ সালের আসরে স্কটল্যান্ড ও ফাইনালিস্ট পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা। ২০০৩ আসরটি সবচেয়ে খারাপ কেটেছে বাংলাদেশের। সেবার কানাডা ও কেনিয়ার মতো দলের কাছে হেরেছে খালেদ মাসুদ পাইলটের দল। এরপর ২০০৭ আসরে সুপার এইট ও ২০১৫ আসরে কোয়ার্টার ফাইনালে খেলে টাইগাররা। ২০১৫-তে দুটি সেঞ্চুরি করে টাইগারদের সাফল্যের নায়ক ছিলেন মাহমুদউল্লাহ। ২০১১ ও ২০১৯ আসরে গ্রুপ পর্বে খেললেও দুটি আসরে তিনটি করে জয় আসে। কিন্তু এবার ৯ ম্যাচের মধ্যে জয় মাত্র দুটি। এমনকি নেদারল্যান্ডসের মতো আইসিসির সহযোগী দেশের কাছেও হেরেছে সাকিবের দল। তাই এটিকে ২০০৩ সালের পর বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ বিশ্বকাপ আসর হিসেবে দেখছেন সবাই।
দল ব্যর্থ বলে ড্রেসিংরুমেও হাহাকার। বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুজ ‘টাইমড আউট’ হন, যা পছন্দ হয়নি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। পরে তার বক্তব্যের ব্যাখ্যা চায় বিসিবি। ক্ষোভে চাকরিই ছেড়ে দেন প্রোটিয়া কিংবদন্তি।
শেষ ম্যাচের আগে আকস্মিক এক ঘোষণায় বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেন ডোনাল্ড। ফলে তিনি ভারত থেকেই ফিরে যান নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। ভারতীয় কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রসেকারান একই সময়ে চুক্তি নবায়ন না করার কথা জানান। তিনিও নিজ দেশে থেকে গেছেন। কোচিং স্টাফের বাকি সদস্যরা পেয়েছেন কয়েকদিনের ছুটি। তাদের শিগগিরই কাজে ফিরতে হবে।
দুই টেস্টের সিরিজ খেলতে ২১ নভেম্বর বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ২৮ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট শুরু হবে। ঢাকায় আগামী ৬ ডিসেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ওই টেস্ট সিরিজ সামনে রেখে ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা লম্বা ছুটি পাচ্ছেন না।
ব্যস্ততা সেখানেই শেষ হচ্ছে না। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে ফিরতি সফরে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল।
এদিকে, মাহমুদউল্লাহ ভালোবাসা পেলেও কেউ কেউ পাচ্ছেন শুধুই ঘৃণা। বিশ্বকাপে ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে পুরো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, বোর্ডের সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও অধিনায়ক সাকিব আল হাসানকে আইনি নোটিস পাঠিয়েছেন অ্যাডভোকেট হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস চেম্বার থেকে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। গতকাল রেজিস্ট্রি ডাকযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠিকানায় ওই নোটিস পাঠান তিনি।
নাজমুল হাসান ও নিজাম উদ্দিন চৌধুরীর প্রতি অনুরোধ জানিয়ে নোটিসে বলা হয়, ‘আপনি/আপনারা নোটিস পাওয়ার ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ কোচিং স্টাফ ও নির্বাচক কমিটি বাতিল করবেন। একই সঙ্গে আইসিসি পুরুষ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ ব্যর্থতার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করবেন। আপনি/আপনারা (নাজমুল হাসান পাপন, নিজাম উদ্দিন চৌধুরী ও সাকিব আল হাসান) আইসিসি পুরুষ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে সমগ্র জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করবেন।’
অন্যথায় প্রচলিত আইন অনুসারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে নোটিসে উল্লেখ করেছেন আইনজীবী হাসান শাহরিয়ার।










