কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন মঈন উল্লাহ চৌধুরী। তিনি ২০১৮ সালে কমার্শিয়াল ও ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার হিসেবে কোকা-কোলা বাংলাদেশে যোগ দেন। পরে তিনি ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টর পদে উন্নীত হন। এ পদে থেকে তিনি ব্র্যান্ডের বাজার শক্তিশালী করা, কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা এবং টেকসই বাণিজ্যিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে টেরিটরি অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন মঈন উল্লাহ চৌধুরী। পরে সেখানে এরিয়া ম্যানেজার ও ব্র্যান্ড এক্সিকিউটিভের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিকাশের হেড অব কাস্টমার এনগেজমেন্ট অ্যান্ড ক্লায়েন্ট সাপোর্টের দায়িত্বে ছিলেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন।
মঈন উল্লাহ চৌধুরীর নিয়োগ নিয়ে কোকা-কোলা ইন্ডিয়া অ্যান্ড সাউথওয়েস্ট এশিয়ার (আইএনএসডব্লিউএ) সিনিয়র ডিরেক্টর, ফ্র্যাঞ্চাইজি অপারেশনস ড্যানিয়েল ফ্রান্সিসকো গার্সিয়া পারডোমো বলেন, মঈনকে নেতৃত্বে পেয়ে আমরা আনন্দিত। তার নেতৃত্বে আমরা আরো শক্তিশালী হব। তার বাণিজ্যিক দক্ষতা, নেতৃত্ব দেয়ার ক্ষমতা ও বাংলাদেশী বাজার সম্পর্কে গভীর জ্ঞান আমাদের ব্যবসা ও সামাজিক উদ্যোগগুলোকে আরো এগিয়ে নেবে।
মঈন উল্লাহ চৌধুরী বলেন, দেশের মানুষকে সতেজতা ও আনন্দের মুহূর্ত দিতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমাদের দুই বোতলজাতকরণ পার্টনার কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড (সিসিবিবিএল) ও আবদুল মোনেম লিমিটেড (এএমএল) বেভারেজ ইউনিটের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। শুধু তাই নয়, আমদের গ্রাহক ও কমিউনিটিসমূহের সঙ্গে মিলে আমরা আরো বড় প্রভাব সৃষ্টি করতে চাই এবং দেশের বাজারে আরো প্রবৃদ্ধি নিয়ে আসতে চাই।
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) পরোক্ষভাবে মূল প্রতিষ্ঠান দ্য কোকা-কোলা কোম্পানির (টিসিসিসি) সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক এ কোম্পানি ১৯৬২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। তাদের অনুমোদিত বোতলজাতকরণ পার্টনার কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবিএল) ও আবদুল মোনেম লিমিটেডের (এএমএল) মাধ্যমে কোকা-কোলা, স্প্রাইট, ফান্টা এবং কিনলেসহ বিভিন্ন নন-অ্যালকোহলিক পানীয় বাজারজাত করা হয়।
দেশের দীর্ঘদিনের সহযোগী হিসেবে কোকা-কোলা উদ্ভাবন ও টেকসই উন্নয়ন উদ্যোগসমূহে নিয়মিত বিনিয়োগ করে আসছে। সম্প্রতি একটি সামাজিক-অর্থনৈতিক প্রভাব গবেষণায় দেখা গেছে, কোকা-কোলা সিস্টেম দেশে প্রায় ২২ হাজার ১০০ মানুষের কর্মসংস্থান করে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এর মধ্যে ৮৩৩ জন সরাসরি এবং ২১ হাজার ৩০০ জন পরোক্ষভাবে কর্মরত রয়েছেন।










