ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৪২৮ রানের সৌধ গড়ে তারা। জবাব দিতে নেমে ছিয়ানব্বইয়ের বিশ্ব চ্যাম্পিয়নরা সবক’টি উইকেট হারিয়ে করতে পেরেছে ৩২৬ রান।
বিশ্বকাপে এর আগেও দুবার চারশোর্ধ্ব সংগ্রহ গড়ার কৃতিত্ব দেখায় প্রোটিয়ারা। তবে বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সংগ্রহ ছিল না। ২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৪১৭ রান তুলে ভারতের রেকর্ড (৪১৩/৫, প্রতিপক্ষ বারমুডা, ২০০৭) ভেঙে নতুন রেকর্ড গড়েছিল অজিরা। কাল সেই রেকর্ডটা নিজেদের করে নিল প্রোটিয়ারা।
ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটা নবম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সর্বোচ্চ ৪৯৮ রানের সংগ্রহটা ইংল্যান্ডের গড়া। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে পাঁচশর কাছাকাছি সংগ্রহ গড়ে তারা। সর্বোচ্চ তিনটি দলীয় সংগ্রহই ইংল্যান্ডের (৪৯৮, ৪৮১ ও ৪৪৪)। ২০০৬ সালে ডাচদের বিপক্ষে শ্রীলংকার করা ৪৪৩ রান চার্টে চারে। এরপর টানা তিনটি সংগ্রহ দক্ষিণ আফ্রিকার (৪৩৯/২, ৪৩৮/৯ ও ৪৩৮/৪)। জোহানেসবার্গে অজিদের করা ৪৩৪ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার সেই সংগ্রহের পরই এখন প্রোটিয়াদের ৪২৮/৫।
বড় স্কোরের দিনে বিশ্বকাপের রেকর্ড বুকে নিজের নাম তুলেছেন এইডেন মার্করাম। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। ৪৯ বলে পৌঁছে যান তিন অংকে। এর আগে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে ৫০ বলে শতরান করেছিলেন তিনি। এক যুগ পর সেই ভারতের মাটিতেই আবার রেকর্ড গড়লেন মার্করাম।
মার্করামের আগে এদিন রান উৎসব করেন বিদায়ী বিশ্বকাপ খেলা কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডুসেন। দুজনই করেছেন সেঞ্চুরি। দলীয় ১০ রানে অধিনায়ক তেম্বা বাভুমার বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ১৭৪ বলে ২০৪ রান যোগ করেন দুজন। ডি কক ১২টি চার ও তিন ছক্কায় ৮৪ বলে ১০০ রান করে সাজঘরে ফেরেন। ফন ডার ডুসেন ১১০ বলে ১৩ চার ও দুই ছক্কায় ১০৮ রানের ইনিংস খেলেন।
এক ম্যাচে তিন সেঞ্চুরিতে আরেক রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। বিশ্বকাপে এই প্রথম এক ইনিংসে তিন সেঞ্চুরি হলো। ওয়ানডেতে চতুর্থবার ইনিংসে তিন সেঞ্চুরি হলো, যার তিনটিই প্রোটিয়াদের। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, একই বছর ভারতের বিপক্ষে ও গতকাল শ্রীলংকার বিপক্ষে তিন সেঞ্চুরিতে রান উৎসব করে আফ্রিকান দলটি। এছাড়া গত বছর ডাচদের বিপক্ষে রেকর্ড ৪৯৮ রান করার পথে ইংলিশ তিন ব্যাটার সেঞ্চুরি পেয়েছিলেন।










