দেশের উত্তরাঞ্চলীয় এলাকায় জেঁকে বসেছে শীত। হিলিতে শীতের প্রকোপে নাকাল অবস্থা নিম্ন আয়ের মানুষের। তাছাড়া বিভিন্ন রোগে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। হাসপাতালে রোগীর ভিড় প্রতিনিয়ত বাড়ছে। ফলে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মৌসুমের শুরু থেকেই শীতের প্রকোপে নারী-শিশু ও বয়স্করা অসুস্থ হচ্ছেন শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে। শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পর রোগী সংখ্যা বাড়ছে।
কয়েকদিন আগেও হাসপাতালে ২৫-৩০ জন রোগী ভর্তি হতেন। গত একসপ্তাহ ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি হচ্ছেন। বাড়তি রোগীর কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-নার্সরা।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাকিব হাসান বলেন, গত সাতদিন ধরেই হাসপাতালে অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগাক্রান্ত রোগী বেড়েছে। শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে শীতকালীন শাকসবজি খাওয়া, ঠান্ডা পানি পান না করা, ভিটামিন-সি সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি। শিশুদের ক্ষেত্রে বিশেষ নজর রাখতেও পরামর্শ দিয়েছেন তিনি।










