পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার হচ্ছে। চলতি বছরের শুরুতে বেইজিংয়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই এই অগ্রগতি।
এই লক্ষ্যে ২৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চীনের একটি উচ্চপর্যায়ের কারিগরি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পানি সংকটপূর্ণ এলাকা পরিদর্শন করেন। এ সফর দুই দেশের দীর্ঘমেয়াদি পানিসম্পদ সহযোগিতার পথে একটি বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চাংজিয়াং পানি সম্পদ কমিশনের প্রধান পরিকল্পনাবিদ শু ঝাওমিং। দলের সদস্যদের মধ্যে ছিলেন চাংজিয়াং কমিশন, সিআইএসপিডিআর করপোরেশন এবং চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা ও বিনিময় কেন্দ্রের জ্যেষ্ঠ প্রকৌশলী ও বিশেষজ্ঞরা।
বাংলাদেশের পক্ষে প্রতিনিধি হিসেবে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। এ ছাড়া পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো), নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই) ও অন্যান্য কারিগরি সংস্থার শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
সফরকালে প্রতিনিধি দল ঢাকার বুড়িগঙ্গা নদী, যশোরের ভবদহ এলাকা ও খুলনার দাকোপ উপজেলার পোল্ডার ৩১ এলাকা সরেজমিন পরিদর্শন করে। তারা বাংলাদেশের জলাবদ্ধতা, নদী দূষণ, লবণাক্ততা ও নদীভাঙন সমস্যা সম্পর্কে সরাসরি ধারণা নেন।
গত ৩১ জুলাই ঢাকার পানি ভবনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের প্রতিনিধি দল টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথ পরিকল্পনা ও সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে একমত হন। আলোচনায় বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।










