বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের শেখরা গ্রামে নির্বাচন-পরবর্তী দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে বিষ্ণপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিজয়ী সদস্য প্রার্থী আনিস শেখ ও পরাজিত প্রার্থী আব্দুল লতিফের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে উভয় পক্ষের ১৬ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন শেখরা গ্রামের রুবেল মল্লিক, সোহেল শেখ, শওকত শেখ, রাসেল শেখ, রবিউল শেখ, সাইফুল শেখ, মাহতাব মল্লিক, সজিব মোল্লা, কামরুল ফকির, মল্লিক ইমামুল কবির, সোহেল মল্লিক, জাহাঙ্গীর মল্লিক, বাবুল ফকির, তৈয়ব আলী মল্লিক, আলম মল্লিক, মহিউদ্দিন শেখ। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাবুল ফকিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে সংঘর্ষের সময় দুই প্রার্থীর কেউই উপস্থিত ছিলেন না।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুর ইসলাম বলেন, জুমার নামাজের আগ মুহূর্তে শেখরা জামে মসজিদের সামনে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।