উদ্বোধনী ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে স্বপ্নের মতো যাত্রা করা নিউজিল্যান্ড প্রথম চার ম্যাচই টানা দাপটে জিতে নেয়। সেই দলটি এরপর টানা তিন ম্যাচ হেরে এখন যেন অচেনা। গতকাল পুনেতে দক্ষিণ আফ্রিকার কাছে ১৯০ রানের বিশাল ব্যবধান হারল কিউইরা। টম ল্যাথামের দলকে গুঁড়িয়ে দিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে উঠে যায় প্রোটিয়ারা। যদিও আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলংকাকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ আছে স্বাগতিক ভারতের সামনে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
ব্যাটিং বিস্ফোরণে একের পর এক দলকে উড়িয়ে দেয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল টস জিতেও টম ল্যাথামের বোলিং বেছে নেয়ার সিদ্ধান্তটি রীতিমতো বিস্ময়কর ছিল। সুযোগ পেয়েই ফান ডার ডুসেন (১১৮ বলে ১৩৩) ও কুইন্টন ডি ককের (১১৬ বলে ১১৪) জোড়া সেঞ্চুরির পর ডেভিড মিলারের ছোট্ট ঝড়ে (৩০ বলে ৫৩) প্রোটিয়ারা ৪ উইকেটে ৩৫৭ রান তুলে নেয়।
দলীয় ৩৮ রানের সময় অধিনায়ক তেম্বা বাভুমাকে আউট করেন ট্রেন্ট বোল্ট। যদিও ডেডলক ভাঙার পর কিউইরা আর কোনো সুযোগই পেল না। জমাট এক জুটিতে ১৮৯ বলে ২০০ রান তুলে নিয়ে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন ডি কক ও ডুসেন। ডি কক ১০৩ বলে ও ডুসেন ১০১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন।
চলতি আসরে নিজের তৃতীয় সেঞ্চুরি করা ডি কক ১১৬ বলে ১০ বাউন্ডারি ও তিন ছক্কায় ১১৪ রান করে টিম সাউদির শিকার হন। এরপর ডুসেন ও মিলার ৪৩ বলে ৭৮ এবং হাইনরিখ ক্লাসেন ও মিলার ১৬ বলে ৩৫ রানের জুটিতে দলের সংগ্রহ
সাড়ে তিনশ পার করান। ১৩৩ রান করে ডুসেনও আউট হন সাউদির বলে। চলতি আসরে প্রথম ম্যাচ খেলতে নেমে ৭৭ রানে দুই উইকেট শিকার করেন সাউদি।
এরপর প্রোটিয়া বোলাররা স্টিমরোলার চালান। পাওয়ার প্লেতে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে কিউইদের ব্যাটিংয়ের মেরুদণ্ডই ভেঙে দেন পেসার মার্কো ইয়ানসেন। এরপর কেশব মহারাজের ঘূর্ণি ও জেরাল্ড কোয়েৎজির পেসে বেসামাল কিউইরা ১৬৭ রান তুলে গুটিয়ে যায়। গ্লেন ফিলিপস ৫০ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬০ রান করলেও তা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। ম্যাচসেরা হয়েছেন ৯ বাউন্ডারি ৫ ছক্কায় ১৩৩ রান করা ডুসেন।
টানা তিন হারের পর ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থান ধরে রেখেছে নিউজিল্যান্ড। তারা শনিবার বেঙ্গালুরুতে পাকিস্তানের মুখোমুখি হবে। পরদিন কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৫৭/৪ (ডুসেন ১৩৩, ডি কক ১১৪, মিলার ৫৩; টিম সাউদি ২/৭৭)। নিউজিল্যান্ড: ৩৫.৩ ওভারে ১৬৭/১০ (ফিলিপস ৬০, ইয়াং ৩৩; কেশব ৪/৪৬, ইয়ানসেন ৩/৩১, কোয়েৎজি ২/৪১)। ফল: দক্ষিণ আফ্রিকা ১৯০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)।










