উপাচার্যের নিয়োগ বা অপসারণের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি। এ কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণে শিক্ষার্থীদের দাবির বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যেও একই বক্তব্য দেন তিনি। অন্যদিকে প্রায় এক মাস পর বাসভবনের বাইরে বের হন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি দপ্তরে প্রবেশ করেন। তার আগেই ভবনে ঢোকেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেন উপাচার্য। এর আগে সকালে বিমানের একটি ফ্লাইটে সিলেট যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রথমে তারা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় শিক্ষামন্ত্রী করোনায় আক্রান্তের হার কমে যাওয়ায় খুব শিগগির সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানান।

বেলা ৩টার দিকে সার্কিট হাউজে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সভায় মিলিত হন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সন্ধ্যা ৬টায় সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের সব দাবি বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক করার পদক্ষেপ নেয়া হবে। রাষ্ট্রপতিই উপাচার্যের নিয়োগ বা অপসারণের সিদ্ধান্ত দেন। এ কারণে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণের বিষয়ে রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন বলে জানান তিনি।

দুপুরে সিলেট সার্কিট হাউজে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষার্থীরা মোট আটটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ, ক্লাস-পরীক্ষা চালু, শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার, শিক্ষার্থীদের বন্ধ থাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট চালু করা, পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী সজলকে আর্থিক সহযোগিতা দেয়া ও তার জন্য নবম গ্রেডের চাকরি নিশ্চিত করা, মুহম্মদ জাফর ইকবাল ও ইয়াসমিন হককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া, সব বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বাড়ানো, পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম কার্যকর করা, শিক্ষক নিয়োগে পিএইচডি এবং ডেমো ক্লাসের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালু করা।

সার্কিট হাউজে সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যান। তারা ক্যাম্পাসে ঢুকে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে শিক্ষক সমিতির নেতারা তাদের স্বাগত জানান। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাদের সব দাবি-দাওয়া যৌক্তিক উল্লেখ করে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অপসারণের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করার কথা পুনর্ব্যক্ত করেন। এরপর মন্ত্রী উপাচার্য ভবনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে প্রায় এক মাস পর বাসভবনের বাইরে বের হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি দপ্তরে প্রবেশ করেন। এর আগে এ ভবনে ঢোকেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ সময় উপাচার্য দুঃখ প্রকাশ করেন।

১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী। পরে উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা হল ত্যাগ না করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামে।