রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পাহাড় কেটে অবৈধভাবে ইটভাটা স্থাপন করার অভিযোগে ‘বিআরবি ব্রিকস’ নামের একটি ভাটামালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বেলা ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শেখ ছাদেক ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন এবং পরিবেশ আইনে এ জরিমানা করেন। এ সময় রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ খান, উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা রবিউল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২১ মার্চ বণিক বার্তায় ‘রাঙ্গামাটিতে পাহাড় কেটে অবৈধ ইটভাটা স্থাপন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শেখ ছাদেক বণিক বার্তাকে জানান, ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন এবং পরিবেশ আইনে পাহাড় কেটে অবৈধভাবে ইটভাটার স্থাপনের অপরাধে ভাটামালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটাসহ পরিবেশ বিপর্যয় হয় এমন তত্পরতায় জড়িতদের ছাড় দেয়া হবে না। এসব বিষয়ে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পরিবেশ আইন অমান্য করে রাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়ক লাগায়ো খোরাইম্রংপাড়া এলাকায় ইটভাটাটি স্থাপন করে সাধন দত্ত ও মো. আজিজ নামের দুই ব্যবসায়ী। সম্পূর্ণ খাড়াভাবে পাহাড় কেটে এ ভাটা নির্মাণ করা হয়। এতে যেকোনো সময় পাহাড় ধসে পরিবেশ বিপর্যয় ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।