আজ শুরু সুপার এইট পর্ব। আজ প্রথম দিন একমাত্র ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। শ্রীলংকার কলম্বোয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
পাকিস্তান ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে আর নিউজিল্যান্ড ‘ডি’ গ্রুপ রানার্সআপ হয়ে সুপার এইটে উঠেছে। সুপার এইটে দলগুলোকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ-টুতে নিউজিল্যান্ড ও পাকিস্তান ছাড়াও আছে ইংল্যান্ড ও শ্রীলংকা। এছাড়া ‘গ্রুপ-ওয়ান’-এ আছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়াকে হারালেও ভারতের কাছে হেরেছে পাকিস্তান। নিউজিল্যান্ড হারায় আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডাকে। তারা শুধু হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।
টি-টোয়েন্টিতে দুই দলের জয়-পরাজয় প্রায় সমান সমান। ৪৯ ম্যাচের মুখোমুখিতে ২৪ জয় নিয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড জিতেছে ২৩টি। দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। গত বছর মার্চে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চারটিতেই হেরে যায় সফরকারী পাকিস্তান।
২০২৩ সালের এপ্রিল থেকে দুই দল চারটি দ্বিপক্ষীয় সিরিজে মোট ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। পাকিস্তানের মাঠে সিরিজ দুটি ২-২-এ ড্র হলেও নিউজিল্যান্ড ঘরের মাঠে দুটি সিরিজ জিতে নেয় যথাক্রমে ৪-১ ও ৪-১ ব্যবধানে।
আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে চোট কাটিয়ে ফিরতে পারেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথম সন্তানের পাশে থাকতে দেশে যাওয়া লকি ফার্গুসন কলম্বোয় ফিরেছেন গতকাল। আজ তার খেলা নিশ্চিত নয় বলে জানান মার্ক চ্যাপম্যান। গতকাল সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রুপ পর্বের তিনটি ম্যাচ ভারতে খেলে এবার শ্রীলংকায় সুপার এইটের ম্যাচে পরীক্ষার মুখে পড়বে তার দল। শ্রীলংকার অপেক্ষাকৃত স্লো উইকেটে তারা বাউন্ডারির ওপর জোর দিতে চান বলে জানান এ কিউই ব্যাটার।
চাপম্যান বলেন, ‘এ ধরনের টুর্নামেন্ট এটা একটা বড় চ্যালেঞ্জ। আপনাকে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ছুটতে হয়, কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। আমরা তিনটি ম্যাচ খেলে শিখেছি।’ প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে নিয়ে তিনি বলেন, ‘গত কয়েক বছর তাদের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি আমরা, তাদের সম্পর্কে অনেক জানি। তারা আমাদের জন্য কী নিয়ে অপেক্ষা করছে, সে ব্যাপারে আমাদের ধারণা রয়েছে।’
পাকিস্তান টি-টোয়েন্টির সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। ২০০৯ সালে তারা শিরোপা জয় করে। এছাড়া ২০০৭ সালে অভিষেক আসরের ফাইনালে ভারতের কাছে ও ২০২২ সালের আসরের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। নিউজিল্যান্ড ফাইনাল খেলেছে একবার। ২০২১ আসরের ফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।










