নিজ দেশে দাম স্থিতিশীল রাখতে গম রফতানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। তবে পুরনো এলসির বিপরীতে রফতানির কথা বললেও আবারও বাংলাদেশে গম রফতানি বন্ধ রয়েছে। রফতানি বন্ধের খবরে গমের দাম বেড়ে চলছে। ৩৪ টাকা থেকে বেড়ে বর্তমানে ৪১-৪২ টাকায় উঠেছে দাম।

আজ মঙ্গলবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি বন্ধ রয়েছে। তবে সোমবার হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি অব্যাহত থাকলেও পরিমাণ খুব কম। আগের টেন্ডারের কিছু গম শনিবার এসেছিল। তারই বাকি অংশ সোমবার পাঠিয়েছে ভারতীয় কাস্টমস। এসব তথ্য জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের গম আমদানিকারক হায়াৎ মোহাম্মদ শেরেগুল ইসলাম বলেন, শনিবার থেকে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় গম রফতানি বন্ধ করে দেয়। তবে গত ১২ মে পর্যন্ত যেসব গমের এলসি দেয়া হয়েছিল সেগুলো রফতানির প্রতিশ্রুতি দিয়েছিল তারা। কিন্তু হঠাৎ গতকাল সোমবার থেকে আবারও ভারতীয় কাস্টমস নতুন করে কোনো টেন্ডার গ্রহণ করছে না। ফলে বন্দর দিয়ে গম আসছে না। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বন্দর দিয়ে কোনো গম আমদানি হয়নি। এতে আমরা বিপাকে পড়েছি। 

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, শনিবার বন্দর দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত গম আমদানি বন্ধ ছিল। দুপুরের পর থেকে আবারও আমদানি শুরু হয়। রোববার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের পর সোমবার থেকে পুনরায় আমদানি হয়েছে। তবে আমদানির পরিমাণ কমেছে। আজ মঙ্গলবার সকাল থেকে বন্দর দিয়ে গম আমদানি বন্ধ রয়েছে।