দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। সকালে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। তবে প্রাইভেট কারের চালক ওভারটেক করে রেল গেটের ওপর উঠে যাওয়ার ফলে দুর্ঘটনা ঘটে বলে দাবি গেটম্যানের।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পার্বতীপুরের মধ্যপাড়া এলাকার হালিম শাহর ছেলে হাফিজুর রহমান শাহ (৪০) ও প্রাইভেট কার চালক মাসুম। তিনি রংপুরের বদরগঞ্জ এলাকার বাসিন্দা। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে খবর পেয়ে সকালেই স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দায়িত্বরত গেটম্যান সাইফুজ্জামান জানান, রেলগেটের ব্যারিয়ারটি কয়েকদিন ধরে নষ্ট হয়ে ছিল। যার কারণে ট্রেন আসার খবরে সেখানে চেইন টানা ছিল, দুপাশে গাড়ি দাঁড় করানো ছিল। কিন্তু দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের চালক সিগন্যাল অমান্য করে রেল ক্রসিংয়ের ওপর উঠে যায়। এ সময় ট্রেন চলে আসায় দুর্ঘটনা ঘটে।










