বগুড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মসজিদের ইমামকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রহমান দিদারী জেলার নন্দীগ্রাম থানার ধুন্দার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

আজ শনিবার দুপুরে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আব্দুর রহমান দিদারী কট্টর মৌলবাদী। বর্তমানে তিনি শেরপুর উপজেলা কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি জামে মসজিদের পেশ ইমামের দায়িত্ব পালন করছেন। দিদারী মসজিদে ইমামতি ও ওয়াজ মাহফিল করেন এবং জামায়াতে ইসলামীর কট্টর সমর্থক। বিভিন্ন মসজিদ ও ইসলামি জলসায় তিনি সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক, আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছিলেন। ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন পোস্ট করেছেন। 

এএসটি সনাতন আরো বলেন, এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জু শেরপুর থানায় অভিযোগ দেন। পরে শুক্রবার গভীর রাতে মাওলানা আব্দুর রহমান দিদারীকে বাগড়া কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়।